সিটে ছারপোকার উপদ্রপ, কান্তাসের ফ্লাইট বাতিল

ইতালি থেকে অস্ট্রেলিয়াগামী কান্তাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ছারপোকার উপদ্রপ দেখা দেওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
সিডনি মর্নিং হেরাল্ডের তথ্য অনুযায়ী, শুক্রবার পার্থ থেকে রোমগামী প্রায় ১৭ ঘণ্টার ফ্লাইটে বেশ কয়েকজন যাত্রী ছারপোকা কামড়াচ্ছে বলে অভিযোগ করেন। এ সময় তাদের অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দেওয়া হয়। কিন্তু একপর্যায়ে ফ্লাইটে সেই ওষুধের মজুদ ফুরিয়ে যায়।
কান্তাস এয়ারলাইন্সের এক মুখপাত্র জানান, ঘটনার পর বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি জীবাণুমুক্ত ও পরিষ্কার করতে সেটির উড্ডয়ন বাতিল করা হয়।
মুখপাত্র বলেন, 'রোম থেকে পার্থগামী শনিবারের ফ্লাইটটি বাতিল করার জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইকোনমি ক্লাসের কয়েকটি আসনে সমস্যা চিহ্নিত হওয়ার পর আমাদের প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ দলকে বিমানটি সম্পূর্ণ পরিষ্কার করার সুযোগ দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
এয়ারলাইন্স কর্তৃপক্ষ আরও জানায়, ক্ষতিগ্রস্ত সব যাত্রীকে আবাসন সুবিধা প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টার মধ্যে তাদের বিকল্প ফ্লাইটে বুকিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবার (এনএইচএস) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ছারপোকা এক প্রকার পরজীবী; যা পোশাক, আসবাবপত্র ও বিছানায় বাস করে। এদের কামড়ে চুলকানি বা অস্বস্তি হলেও সাধারণত গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হয় না।
ভ্রমণে ছারপোকার কারণে বিশৃঙ্খলা তৈরির ঘটনা অবশ্য নতুন নয়। দুই সপ্তাহেরও কম সময় আগে ইংল্যান্ডে কয়েকটি 'সাউথইস্টার্ন' ট্রেন সার্ভিস বাতিল হয় ছারপোকার কারণে। ওইসব ট্রেনের চালকরা ড্রাইভিং ক্যাবিনে ছারপোকার উপদ্রবের অভিযোগ জানিয়েছিলেন।
২০১৭ সালে ভ্যাঙ্কুভার থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে ছারপোকার কামড়ে এক পরিবারের কয়েকজনের শরীরে ক্ষতের সৃষ্টি হয় এবং ফুলে যায়। পরে তাদের কাছে ক্ষমা চায় ব্রিটিশ এয়ারওয়েজ।




